মহান মুক্তিযুদ্ধের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস জাতির সামনে সঠিকভাবে তুলে ধরতে ইতিহাসবিদ ও গবেষকদের আরো বেশি সক্রিয় হতে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল মঙ্গলবার বিকেলে মন্ত্রীর দপ্তরে ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির নেতৃবৃন্দের সাক্ষাতের সময় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরে প্রথম প্রতিরোধের ইতিহাসসহ মহান মুক্তিযুদ্ধের অনেক ঘটনা ও তথ্য-উপাত্ত এখনো অনেকের অজানা রয়ে গেছে। মহান স্বাধীনতা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এ অর্জনের পথে প্রতিটি ঘটনা, প্রতিটি আত্মত্যাগ ইতিহাসের কাছে গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। ইতিহাস উদ্ঘাটনে গবেষকদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।
এ সময় ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজা খাতুন, সাংবাদিক আশরাফ খান, আতাউর রহমান, বুলবুল আহমদ, মো. আল-মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস সুবর্ণজয়ন্তী উদ্যাপন জাতীয় কমিটির উদ্যোগে আগামী ৮ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের ইতিহাস ও গবেষণা বিষয়ে সেমিনার আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
