কুমিল্লায় সিগন্যাল অমান্য করে রেলপথ অতিক্রমকালে কনটেইনারবাহী ট্রেনের ধাক্কায় একজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরও ৩ যাত্রী। আজ বুধবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা নগরীরে প্রবেশ পথের শাসনগাছা রেলওয়ে লেভেল ক্রসিং এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহত হন সিএনজি যাত্রী জেলার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামের ফরিদ মুন্সী (৭০) এবং আহতরা হলেন, নিহতের স্ত্রী পেয়ারা বেগম (৫৫), মেয়ে আখি আক্তার (১৬) ও নিহতের ভাগিনা সিএনজি চালক রাকিবুল (৩০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন শাসনগাছা রেলওয়ে লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা রাস্তা অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রেনের মুখে পড়ে সিএনজিটি প্রায় ১০০ মিটার দূর পর্যন্ত গিয়ে দুমড়ে মুচড়ে রেলপথের পাশে পড়ে যায়। স্থানীয় লোকজন সিএনজির চালকসহ ৪ জনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদের মধ্যে ফরিদ মুন্সী মারা যান।
আহতরা জানান, নিহত ফরিদ মুন্সী কুমিল্লা নগরীর একটি হাসপাতালে শরীরের পরীক্ষা-নিরীক্ষা ও ডাক্তার দেখানোর জন্য কুমিল্লায় আসছিলেন।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মো. ইসমাইল হোসেন সিরাজী জানান, স্থানীয়দের সহায়তায় আহত ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে (ফরিদ মুন্সী) মৃত ঘোষণা করেন। নিহতরা ডাক্তার দেখানোর জন্য দেবিদ্বার থেকে কুমিল্লা নগরীতে আসেন। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিটি সরিয়ে নেয়া হয়েছে। এ দুর্ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
ইত্তেফাক/কেকে
