বগুড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক 

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৯:০২

বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্য ও শ্রমিকলীগের নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। শুধু মারপিটই নয়, তাদের ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ আহত দুই সাংবাদিককে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। 

বুধবার দুপুরে বগুড়া সদর উপজেলার দশটিকা গ্রামে সাংবাদিকদের ওপর এ হামলার ঘটনা ঘটে। শ্রমিকলীগের নেতা-কর্মীদের মারপিটে আহত সাংবাদিকরা হচ্ছেন-সময় টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মাজেদুর রহমান মাজেদ ও তার ক্যামেরাপার্সন রবিউল ইসলাম।

আরো পড়ুন: বছরের প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সে ‘মনস্টার হান্টার’

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মাজেদ জানান, বুধবার দুপুরে তিনি ক্যামেরাপার্সন রবিউল ইসলামকে সাথে নিয়ে সদরের দশটিকা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের সংবাদ সংগ্রহ করতে যান। ঘটনাস্থলে পৌঁছে নিম্নমানের কাজের ভিডিওচিত্র ধারণ করার সময় স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া ও শ্রমিকলীগ নেতা জনির নেতৃত্বে তাদের সহযোগীরা হামলা করে। তারা ক্যামেরা ভাঙচুর করে কেড়ে নেয় এবং দুইজনকে আটকে রেখে কাঠের বাটাম দিয়ে বেদম মারপিট করে। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, আহত অবস্থায় দুই সাংবাদিককে পুলিশ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে এলাকায় পুলিশি অভিযান শুরু করেছে।

ইত্তেফাক/এএএম