বুড়িমারী স্থলবন্দরে ‘ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ বাস্তবায়ন করলো ডিভাইন আইটি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৯:৫৩

স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আনয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি অনলাইনে বুড়িমারী স্থলবন্দরে উদ্বোধন করা হয় ‘ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার। নৌপরিবহন মন্ত্রণালয়-এর বাংলাদেশ স্থলবন্দর এবং এটুআই-এর ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর কর্তৃক যৌথভাবে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি উক্ত সিস্টেমের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের  প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন, এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ।

ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম-এর ফলে বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রপ্তানিকারকগণ উপকৃত হবেন, সেবা গ্রহীতাদের সময়, খরচ এবং যাতায়াত (টিসিবি) কমবে এবং স্থলবন্দরে আমদানি-রপ্তানি প্রসার বৃদ্ধি পাবে। সেবা গ্রহীতা এবং সেবা প্রদানকারীগণ ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপস, ডিজিটাল আইডি কার্ড এবং অনলাইন পেমেন্ট এই ৪টি পদ্ধতিতে সেবার সাথে যুক্ত হতে পারবেন। এই সিস্টেমটির দ্বারা ১৬টি ডিজিটাল সার্ভিস, ৫০০ কার্গো এবং ১২ হাজার উপকারভোগী ইতোমধ্যে সরাসরি সুবিধা ভোগ করেছেন এবং উক্ত সিস্টেমটির মাধ্যমে বছরে আনুমানিক ৬৫-৭০ হাজার গ্রাহক সুবিধা ভোগ করবেন। সিস্টেমের মাধ্যমে আমদানীকারকগণ ঘরে বসেই পেমেন্ট কিংবা অনলাইন ডেলিভারির অর্ডার করতে পারবে, ফলে সময় সাশ্রয়ী হবে এবং বাড়তি খরচের প্রয়োজন হবে না। এছাড়া প্রবেশের সময় বারকোডের মাধ্যমে গ্রাহকের নিজস্ব আইডি তৈরি হওয়ায়, তার সকল আমদানি-রপ্তানি তথ্য ডাটাবেইজে সংরক্ষিত থাকবে।

স্থলবন্দর ব্যবস্থাপনায় ম্যানুয়াল পদ্ধতিকে পূর্ণাঙ্গরূপে ডিজিটালাইজ করার জন্য ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেয় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ । এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে দরপত্রে ডিভাইন আইটি লিমিটেড এটি বাস্তবায়নের দায়িত্ব পায় ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং বিজয়ের এ মাসে বুড়িমারী স্থলবন্দরের ‘ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত।

জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, ডিজিটাল অগ্রযাত্রার কারণে আজ ঢাকায় বসেও আমরা লালমিনরহাটের মত দূরের একটি জেলার স্থলবন্দরের উদ্বোধন কার্যক্রমে সম্পৃক্ত হতে পারছি। তিনি বলেন, ‘ই-পোর্ট সিস্টেম’এর ফলে স্বচ্ছতা এবং জবাবদিহিতা তৈরি হবে। এর মাধ্যমে গ্রাহকের সেবা এবং পণ্যের নিরাপত্তা নিশ্চিত হবে। এ সময় তিনি অন্যান্য বন্দরসমূহকে এ সিস্টেমটি কাস্টমাইজ করে তাদের সেবার মান বৃদ্ধির জন্য আহ্বান জানান। 

লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মোতাহার হোসেন, এমপি বলেন, এই বন্দরটি ধীরে ধীরে অনেক দূর এগিয়েছে। বর্তমানে এখানে প্রতিদিন গড়ে প্রায় ৫০০-এর মত ভারতীয় ট্রাক নেপাল, ভূটান এবং ভারতের পণ্য নিয়ে আসে। এছাড়া প্রায় ১৫০০ ট্রাক এখান থেকে পণ্য নিয়ে সারা দেশের মানুষের কাছে পণ্য পৌঁছে দেয়। বর্তমান ‘ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ এর কারণে গ্রাহক যেমন উপকৃত হবে, তেমনি সেবা প্রদানকারীরাও দ্রুত ও ঝামেলাহীন সেবা প্রদান করতে পারবে বলে তিনি মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো: আব্দুল মান্নান পিএএ বক্তব্য প্রদান করেন। সিস্টেমটির সম্ভাবনা, সুপারিশ এবং পরবর্তী করণীয় সম্পর্কে তুলে ধরেন এটুআই-এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) কে. এম. তারিকুল ইসলাম-এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক মো: আবু জাফর, লালমনিরহাট জেলার পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম, পিপিএম)। ডিভাইন আইটি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল আহমেদ ফখরুল হাসান (রাসেল), নৌপরিবহন মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এটুআই-এর কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম সাংবাদিকবৃন্দ।

ডিভাইন আইটি লিমিটেড ২০০৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম সারির সফটওয়্যার কোম্পানি যার অন্যতম প্রযুক্তি উদ্ভাবন প্রিজম ইআরপি। সম্পূর্ণ দেশীয় জনশক্তি দিয়ে উত্পাদিত আন্তর্জাতিক মানের একটি সফটওয়্যার সিস্টেম যা সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত। ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রিজম ইআরপির আর্কিটেকচার দিয়ে প্রস্তুতকৃত । যার ফলে সিস্টেমটির সিকিউরিটি সিস্টেম অত্যন্ত দৃঢ়।