গানের মেধাস্বত্ব নিয়ে আড়ম্বর উদ্যোগ ও সচেতনতামূলক আলোচনা এ বছরের মতো এর আগে কখনো দেখা যায়নি। শুধু আলোচনাই নয়, গানের বিভিন্ন শাখার একাধিক সংগঠনও এ বছরই গঠিত হয়েছে। নতুনভাবে গীতিকবি, সুরকার-সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পীরা আলাদা আলাদাভাবে যুথবদ্ধ হয়ে সাংগঠনিক তত্পরতা শুরু করেছেন। জুম মিটিংয়ের মাধ্যমে প্রতিটি সংগঠনের সাধারণ সভাও অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি ২০১৪ সালে অনুমোদন পাওয়া বাংলাদেশ লিরিসিস্ট কম্পোজার অ্যান্ড পারফর্মার্স সোসাইটি (বিএলসিপিএস) ও এ বছর হামিন আহমেদের নেতৃত্বে মেধাস্বত্ত্ব নিয়ে একাধিক কার্যক্রম শুরু করে। গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পীদের সংগঠনের আহ্বায়ক/সভাপতি হিসেবে নেতৃত্বে রয়েছেন যথাক্রমে শহীদ মাহমুদ জঙ্গী, শেখ সাদী খান ও রেজওয়ানা চৌধুরী বন্যা। বলা যায়, নতুন গান প্রকাশ কমলেও শিল্পী, সুরকার ও গীতিকবিরা নিজেদের অধিকার আদায়ের দাবিতে সোচ্চার হয়েছেন।
