বিবাহবার্ষিকীতে স্ত্রীকেচাঁদে কেনা জমি উপহার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২০:২৭

অনেকেই চাঁদে জমি কেনার স্বপ্ন দেখলেও বাস্তবায়ন করা সবার পক্ষে সম্ভব হয় না। তবে স্বপ্না অনিজা নামের এক নারীর এমন স্বপ্ন পূরণ হয়েছে তার স্বামীর কল্যাণে। তাদের বিবাহবার্ষিকীতে স্বপ্নার স্বামী তাকে চাঁদে কেনা তিন একর জমি উপহার দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্ত্রীকে ব্যতিক্রমী উপহার দেওয়া ঐ ব্যক্তি হলেন ধর্মেন্দ্র অনিজা। তার বাড়ি ভারতের রাজস্থানে। গত ২৪ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্র অনিজা ও স্বপ্না অনিজার অষ্টম বিবাহবার্ষিকী। এদিন স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন ধর্মেন্দ্র।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাত্কারে ধর্মেন্দ্র  জানান, নিজেদের অষ্টম বিবাহবার্ষিকীতে স্ত্রীর জন্য তিনি ব্যতিক্রমী কিছু করতে চেয়েছিলেন। এজন্য দীর্ঘদিন পরিকল্পনাও করেছেন। ‘সবাই বিবাহবার্ষিকীতে স্ত্রীকে গাড়ি, না হয় শাড়ি, গহনা উপহার দেন। কিন্তু আমি অন্য কিছু করতে চেয়েছিলাম। এজন্য চাঁদে তার জন্য জমি কিনেছি’—বলেন ধর্মেন্দ্র।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের কাছ থেকে তিন একর জমি কিনেছেন ধর্মেন্দ্র অনিজা দম্পতি। গোটা প্রক্রিয়া শেষ করতে তার এক বছরের মতো সময় লেগেছে। অভিনব উপহার পেয়ে আনন্দে আপ্লুত ধর্মেন্দ্রর স্ত্রী স্বপ্নাও। তিনি বলেন, ‘কোনো দিনও ভাবতে পারিনি এমন একটা উপহার পাব। উপহারটি পাওয়ার পর মনে হচ্ছিল আমি যেন চাঁদে বসে আছি।’ উল্লেখ্য, ভারতীয়দের মধ্যে চাঁদে জমি কেনার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে বলিউড অভিনেতা শাহরুখ খান, সুশান্ত সিং রাজপুতও চাঁদে জমি কিনেছেন। এছাড়াও বোধগয়ার এক ব্যক্তিও চাঁদে এক একর জমি কিনেছেন।