হংকংয়ের ১০ নাগরিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। অবৈধভাবে সীমানা অতিক্রমের দায়ে তাদের এই দণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত ১০ জনের মধ্যে এক জনকে দুই বছর, এক জনকে তিন বছরের জেল দেওয়া হয়েছে। বাকি আট জনকে সাত মাস করে জেল দেওয়া হয়েছে। চীনের শেনঝেন আদালতের পক্ষ থেকে জানানো হয়, দণ্ডপ্রাপ্তরা নৌপথে তাইওয়ান পালানোর সময় গত আগস্টে কোস্ট গার্ডের হাতে ধরা পড়ে। সে সময় মোট ১২ জনকে আটক করা হয়। এদের মধ্যে দুই জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় বুধবার সকালে তাদের হংকং পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সাজাপ্রাপ্ত প্রত্যেকেই আদালতের কাছে দোষ স্বীকার করেছে। কারাদণ্ডের পাশাপাশি তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে। হংকং কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ১০ জনের বিরুদ্ধে গত বছরের সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এদিকে দণ্ডপ্রাপ্তদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আটক অবস্থায় তাদের নির্যাতন করা হয়েছে। এমনকি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। তবে চীনের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। উল্লেখ্য, এই ১২ জনের মুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের কয়েকটি দেশের চাপ ছিল। তা সত্ত্বেও এ রায় প্রদান করা হলো।
