পরিষ্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী মহানগরীর সুনাম দেশ জুড়ে। দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগরী বাতাসে ক্ষতিকারক ধূলিকণা কমানোয় বিশ্বের সেরা শহর। দেশ-বিদেশে সুনাম অর্জনকারী রাজশাহী মহানগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের তারের জঞ্জালে। নগরীর বিভিন্ন সড়ক ও গলিপথে বৈদ্যুতিক খুঁটি ও ল্যাম্প পোস্টে অবৈধভাবে টানা তারের জঞ্জালে আর্থিং, শর্ট সার্কিট হয়ে প্রায়ই ঘটছে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা। তারের জঞ্জাল কমাতে রাসিকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন মহানগরবাসী।
মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটিগুলো ও ল্যাম্প পোস্টে তারের জঞ্জাল ঝুলছে। ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের তারের ভারে খুঁটিগুলো বিপজ্জনক হয়ে পড়েছে। মহানগরীর সাহেব বাজার, জিরোপয়েন্ট, আরডিএ মার্কেটের সামনে, মনিচত্বর, রাণীবাজার, আলুপট্টি, নিউ মার্কেট, বর্ণালী মোড়, শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর, লক্ষ্মীপুর মোড়, তালাইমারি, কোর্ট চত্বর, কোর্ট স্টেশন এলাকাসহ মহানগরী জুড়ে একই চিত্র। এসব তারের জঞ্জালে একদিকে নগরের সৌন্দর্যহানি হচ্ছে, অন্যদিকে বিভিন্ন সময় ঘটছে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা। সংশ্লিষ্টরা বলছেন, শহরকে তারের জঞ্জাল থেকে মুক্ত করতে নগরীর বিদ্যুত্ লাইন এবং ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের লাইন মাটির নিচে নিতে হবে। এই ভূগর্ভস্থ লাইন নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করবে। পাশাপাশি সিস্টেম লস কমিয়ে রাষ্ট্র ও জনগণের উপকার করবে। ঝড়-বৃষ্টিতেও বিদ্যুত্ সংযোগ ব্যাহত হবে না। একই সঙ্গে মহানগরীর সৌন্দর্যহানিও হবে না।
রাজশাহী সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ বনি আহসান বলেন, মাটির নিচে বিদ্যুতের তার নেওয়া হলে অগ্নিকাণ্ডের ঘটনা কমে যাবে। প্রাকৃতিক দুর্যোগ ও বর্ষায় তার ছিঁড়ে পড়ার ভয়ও থাকবে না। নান্দনিক শহর গড়ে তুলতে তারের জঞ্জাল সরানো জরুরি। পরিষ্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী দেশসেরা। এতে আমরা গর্বিত। কিন্তু যখন দেখি পরিচ্ছন্ন শহরের সৌন্দর্যহানি হচ্ছে তারের জঞ্জালের কারণে, তখন এটি আমাদের খারাপ লাগে। তারের জঞ্জাল ঝুঁকিপূর্ণও বটে। তারের জঞ্জালমুক্ত মহানগরী গড়তে এখই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটরদের তারের জঞ্জাল সরাতে বারবার তাগিদ দিচ্ছে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এর পরও তারের জঞ্জাল সরাচ্ছেন না তারা। বিভিন্ন বিদ্যুতের খুঁটি ও ল্যাম্প পোস্টের সঙ্গে অতিরিক্ত তার পেঁচিয়ে রাখছে ইন্টারনেট ও স্যাটেলাইট ক্যাবল অপারেটররা।
