বগুড়ার শাজাহানপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে বাপ্পী (১৪) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় বাপ্পীর বন্ধু আশরাফ ছুরিকাঘাতে আহত হয়। মঙ্গলবার রাতে উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি (চেয়ারম্যান পাড়া) গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত বাপ্পী গয়নাকুড়ি গ্রামের মক্কেছ ড্রাইভারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে কে বা কারা মোবাইল ফোনে বাপ্পী ও আশরাফকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর গ্রামের ফাঁকা মাঠে দুই জনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। শাজাহানপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। নিহতের পরিবারের লোকজনও কিছু জানাতে পারছে না। তবে মোবাইল ফোনের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
