ব্রাহ্মণবাড়িয়ায় এখনো পৌঁছেনি শতভাগ পাঠ্যবই

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৫৩

আগামীকাল শুরু হচ্ছে নতুন বছর। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় এখনো প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পৌঁছেনি শতভাগ পাঠ্যবই। বুধবার পর্যন্ত জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের চাহিদার মাত্র ১৬ দশমিক ৪২ শতাংশ এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ৭৪ দশমিক ০৬ শতাংশ পাঠ্যবই পৌঁছেছে। তবে প্রাক-প্রাথমিক শত ভাগ পাঠ্যবই জেলায় পৌঁছেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম বলেন, গত ২৬ ডিসেম্বর থেকে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বই পাঠানো শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকেই বই বিতরণ শুরু হবে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউদ্দিন বলেন, জেলায় মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ীর শিক্ষার্থীদের জন্য ৪২ লাখ ১২ হাজার ৯২টি পাঠ্যবইয়ের চাহিদা পাঠানো হয়েছিল। এখন পর্যন্ত আমরা চাহিদার ১৬ দশমিক ৪২ শতাংশ পাঠ্যবই পেয়েছি। তবে বই আসছে। নতুন বছর শুরুর কয়েক দিনের মধ্যেই সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দিতে পারব। কোনো ধরনের সমস্যা হবে না।

গঙ্গাচড়ায় ১ জানুয়ারি বই পাচ্ছে

প্রাথমিকের শিক্ষার্থীরা

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা জানান, গঙ্গাচড়ায় ১ জানুয়ারি ২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে নতুন বই। তবে মাধ্যমিকে শুধু সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা বই পাচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকে চাহিদার সব বই পেয়েছি। ১ জানুয়ারি অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে। তিনি আরো বলেন, প্রতিটি স্কুল কর্তৃপক্ষ সরকার ঘোষিত আটটি নির্দেশনা অনুযায়ী বই বিতরণ করবে। এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম মাধ্যমিকে শুধু সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বই পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বই নেওয়ার জন্য আজ বিদ্যালয়ের মেইলে চিঠি পাঠানো হয়েছে।