হরকাতুল জিহাদের আঞ্চলিক কমান্ডারসহ গ্রেফতার ২

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৫৩

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ-বাংলাদেশ (হুজি)-এর রাজশাহী ও খুলনার আঞ্চলিক কমান্ডারসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—হরকাতুল জিহাদের রাজশাহী-খুলনার আঞ্চলিক কমান্ডার মুফতি ইব্রাহিম খলিল (৪১) ও সমন্বয়কারী আবদুল আজিজ ওরফে নোমান (২৩)। ইব্রাহিম যশোরের ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। নোমান নোয়াখালীর কোম্পানীগঞ্জের আবদুল হালিমের ছেলে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও আন্তর্জাতিক অর্থ লেনদেনের কার্ড জব্দ করা হয়। দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক এসব তথ্য জানান।