রংপুরে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপনে বিধিনিষেধ আরোপ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৫৪

রংপুরে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপনে বিধিনিষেধ আরোপ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গণবিজ্ঞপ্তি অনুসারে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন উপলক্ষ্যে আনন্দ র্যালি, মিছিল, গান-বাজনা, আতশবাজি, পটকাবাজি ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে থার্টি ফার্স্ট নাইট (ইংরেজি বর্ষবরণ) উদ্যাপিত হবে। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত জনসমাবেশ অনুষ্ঠান, মিছিল, গান-বাজনা, ঢাক-ঢোল এবং লাউড স্পিকারের ব্যবহার, আতশবাজি, পটকাবাজি, ক্ষার জাতীয় বা বিষ্ফোরক দ্রব্যসহ অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন ও ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।