সংবাদ সংক্ষেপ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২১:৫৫

জীবনমান উন্নয়নে অবহিতকরণ কর্মশালা

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা উপজেলায় অতিদরিদ্র ও দরিদ্র মত্স্যজীবীদের জীবনমান উন্নয়নে পরিচালিত কর্মকাণ্ড নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান।

ভেদরগঞ্জে পল্লী বিদ্যুতের জোনাল অফিস উদ্বোধন

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা ভেদরগঞ্জে পল্লী বিদ্যুতের সখিপুর জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার সখিপুর বাজারে এ কার্যালয়ের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। শরীয়তপুর জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার জুলফিকার রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হুমায়ুন কবির মোল্লাহ প্রমুখ।

চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা সম্পন্ন

চট্টগ্রাম অফিস চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ ইকরাম সভায় সভাপতিত্ব করেন। সভায় সমিতির সাধারণ সম্পাদক বিগত কার্যকরী কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।

ঈশ্বরগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জে সমবায়ী ও সুফলভোগী সদস্যদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিআরডিবির আয়োজনে অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম আব্দুল কাদির ভুঁইয়া প্রমুখ।

কাহারোলে নতুন বই পাবে প্রায় সাড়ে ৪১ হাজার শিক্ষার্থী

কাহারোল (দিনাজপুর) সংবাদদতা কাহারোল উপজেলায় বছরের প্রথম দিনেই প্রায় সাড়ে ৪১ হাজার শিক্ষার্থী নতুন বই পাবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী জানান, নতুন বছর মাধ্যমিক, দাখিল, কারিগরি, ভোকেশনাল ও ইবতেদায়ি পর্যায়ের ১৮ হাজার ৭০৭ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাজাহান আলী বলেন, প্রাথমিক স্তরের ২০২১ সালের শিক্ষাবর্ষে ২২ হাজার ৮৮০ জন শিক্ষার্থীর মধ্যে নতুন বই তুলে দেওয়া হবে।

কলমাকান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা সড়ক দুর্ঘটনায় সুলতান আহমেদ খান নামে এক মুক্তিযোদ্ধা নিহত হওয়ার ঘটনায় উপজেলার পাগলা বাজারে বুধবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নেতা মতিউর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস। কেন্দ্রীয় যুবলীগ নেতা ও নিহত মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ খানের ছেলে আতাউর রহমান খান আঁখি প্রমুখ।

আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আইসিটি বেসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার উপজেলা আইসিটি প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম হারুন অর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আব্দুুল হালিম।

বিএনসিসির সচেতনতামূলক র্যালি

লক্ষ্মীপুর প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুরে র্যালি ও গণসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ময়নামতি রেজিমেন্টের ব্যবস্থাপনায় বুধবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল করিম। এ সময় উপস্থিত ছিলেন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালাহ উদ্দিন আল মুরাদ জি প্রমুখ।