স্টক ব্রোকার হাউজের শাখা খোলার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নিয়ে উভয় স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এর মাধ্যমে ব্রোকারেজ হাউজের শাখা খোলার প্রতিবন্ধকতা দূর হলো। গতকাল বুধবার বিএসইসি থেকে ব্রোকারেজ হাউজের শাখা খোলার নিষেধাজ্ঞা প্রত্যাহার-সংক্রান্ত চিঠি স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে। এতে উপপরিচালক মো. ফারুক হোসেন সই করেছেন। চিঠিতে বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জের অধীনে কমিশনের নিবন্ধকৃত ব্রোকারেজ হাউজের শাখা অফিস খোলাসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে কমিশনের ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ইস্যুকৃত নির্দেশনাটি প্রত্যাহার করা হলো। এর আগে ১৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ পর্যায়ে ব্রোকারেজ হাউজের ডিজিটাল বুথ স্থাপনের সুযোগ দিয়ে নির্দেশনা জারি করে বিএসইসি। দেশের বাইরে বুথ খোলার ক্ষেত্রে ব্রোকারকে নন-জুডিশিয়াল ৩০০ টাকার স্ট্যাম্পে অমীমাংসিত দাবি, বৈধ দাবি বা অপরিশোধিত দাবির জন্য এককভাবে দায়বদ্ধ থাকবে বলে লিখিত দিতে হবে। যা ব্রোকার হাউজের পর্ষদের মনোনীত ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা বা অফিসার বা যে কোনো পরিচালকের স্বাক্ষরিত হতে হবে।
