‘৩০ ডিসেম্বরের মতো জনগণকে এভাবে আর কেউ অপমান করেনি’

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২২:০৫

অবিলম্বে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম জোট। জোটের নেতারা বলেছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দেশের জনগণকে যেভাবে অপমান করা হয়েছে, এভাবে জনগণকে আর কেউ অপমান করেনি। একাদশ সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল  বিক্ষোভ সমাবেশে তারা এ কথা বলেন। কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল করে বাম জোটের নেতাকর্মীরা পুরানা পল্টন মোড় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাওয়ার সময় মত্স্য ভবন এলাকায় পুলিশ বাধা দেয়। পরে শাহবাগে গিয়ে আবারও বাধা পেয়ে সেখানে দ্বিতীয়বার সমাবেশ করেন বাম জোটের নেতারা।

সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন সরকারের অবিলম্বে পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এই সরকার ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের কথা বলে দেশের নাগরিকদের অপমান করেছে। বাংলাদেশের জনগণকে এভাবে অপমান আর কেউ কোনো দিন করতে পারেনি।