পূর্বাচল প্রকল্পে ক্ষতিগ্রস্তদের প্লট নিয়ে দুর্নীতির অভিযোগ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২২:১০

পূর্বাচলে ক্ষতিগ্রস্ত প্রকৃত অধিবাসীদের প্লট বরাদ্দ নিয়ে রাজউক ও গাজীপুর জেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তারা কারসাজি করে জেলা প্রশাসক কার্যালয় থেকে অধিবাসীদের ফাইল গায়েব করে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকার প্লট অন্যদের কাছে বিক্রির পাঁয়তারা করছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অধিকার বঞ্চিত পূর্বাচলের মূল অধিবাসীদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তরা এমন অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম ভুঁইয়া, শামীম মিয়া, রুবেল হোসেন, খোরশেদ আলম প্রমুখ। 

লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্তদের পক্ষে শেখ রেজা আহমেদ বলেন, রাজউক পূর্বাচল নতুন শহর প্রকল্পে নারায়ণগঞ্জের দাউদপুর ও রূপগঞ্জে ২১টি মৌজায় প্রায় ৪৫৮৬ একর ও গাজীপুরের কালীগঞ্জে প্রায় ১৫৬৫ একর জমি অধিগ্রহণ করে। এরপর মূল জমির মালিকদের ক্ষতিপূরণ বিতরণের জন্য গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিতরণের ব্যবস্থা করা হয়। এর মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি ক্ষতিপূরণ নিলেও অন্যরা প্রথমে নিতে রাজি হয়নি। পরবর্তীতে তারা ক্ষতিপূরণ নেওয়ার জন্য যোগাযোগ করতে গিয়ে জানতে পারেন প্রায় ৬০০ জনের ফাইল গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয় থেকে গায়েব হয়ে গেছে।  যেগুলো রয়েছে তার মধ্যে কিছু ফাইলে ঐ অসাধু কর্মকর্তারা কাটাছেড়া করে নাম পরিবর্তন করে দিয়েছে। এতে করে প্রায় ৬০০ প্লট দুর্নীতিবাজ ঐ সিন্ডিকেটের হাতে চলে গেছে। যার মূল্য প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা।  এ ব্যাপারে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও দুর্নীতিবাজ সিন্ডিকেটের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।