স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মধ্যবর্তী নির্বাচন চান রব

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২২:১১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে একাদশ সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। একাদশ সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে গতকাল জেএসডি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ দাবি জানিয়ে তিনি বলেন, এটাই হবে দেশবাসীর জন্য সুবর্ণজয়ন্তীর সুখবর।

রব বলেন, জনগণের সমর্থন, সম্মতি ও রায়ের ভিত্তিতে ১৯৭১ সালে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। সুতরাং স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন হবে জনগণের স্বতঃস্ফূর্ত অভিপ্রায়ের মাধ্যমে গঠিত বৈধ সরকার দ্বারা। জনগণের ভোটাধিকারের মর্যাদা রক্ষার জন্য সশস্ত্র লড়াই সম্পন্ন করতে হয়েছে এবং অগণিত মানুষের প্রাণ বলিদান দিতে হয়েছে। জনগণের অংশগ্রহণমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছাড়া কোনো শাসন ব্যবস্থাই বৈধতা পেতে পারে না। তিনি বলেন, জনগণের ইচ্ছা ও অভিপ্রায় অনুযায়ী সরকার গঠিত হবে, অন্য কোনো পন্থায় নয়। রাষ্ট্রপরিচালনা হবে মুক্তিযুদ্ধের চেতনায়, অন্য কারো উদ্ভাবিত নির্দেশনায় নয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতিকে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ করার লক্ষ্যে পাঁচ দফা প্রস্তাব দেন রব। এগুলো হলো—একাদশ সংসদ ভেঙে দেওয়া, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন।