শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম-পরিচালক এবং প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. লুত্ফর কাদের লেনিন আর নেই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুর ২টা ৫২ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, পরিবার-পরিজন, ছাত্রছাত্রীসহ অসংখ্যক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ডা. লুত্ফর কাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
ডা. লুত্ফর কাদেরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে চিকিত্সকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। সংগঠনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দীন ও মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত শোকবার্তায় জানানো হয়, ডা. লুত্ফর কাদের লেনিনকে নিয়ে এ পর্যন্ত ১২৭ জন চিকিত্সক করোনাতে আক্রান্ত হয়ে মারা গেলেন। তাদের মধ্যে দুই জন ডেন্টাল সার্জন রয়েছেন।
