নরসিংদীর কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২২:১৫

নরসিংদীর পলাশ উপজেলায় দুটি কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের কবরস্থান ও একই ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের কবরস্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কাজিরচর কবরস্থানের ৮টি কবর খনন করে ৬টি থেকে কঙ্কাল চুরি করে এবং পার্শ্ববর্তী ইসলাম পাড়া গ্রামের কবরস্থান থেকেও একটি কঙ্কাল চুরি করে।

কাজিরচর গ্রামের স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, সকালে ফজরের নামাজ পড়ার পর কয়েক জন মুসল্লি কবরস্থান জিয়ারত করতে গেলে কয়েকটি কবর খনন করা অবস্থায় দেখতে পান। পরে তারা স্থানীয়দের বিষয়টি জানালে লোকজন সেখানে গিয়ে কঙ্কাল চুরির ঘটনা দেখতে পায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাবের উল হাইকে ঘটনাটি জানানো হয়। এ ঘটনায় গ্রামাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসির উদ্দিন জানান, দুইটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।