প্রতিবন্ধী রিকশাচালক হত্যা :পুলিশ কনস্টেবল চার দিনের রিমান্ডে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২২:১৬

মহানগরীতে প্রতিবন্ধী রিকশাচালক নাজমুল ইসলামকে নির্যাতন ও হত্যার ঘটনায় পুলিশ কনস্টেবল হাসান আলীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া হাসান আলীর স্ত্রী সাথী বেগমকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। গতকাল বুধবার রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (তাজাহাট) বিচারক ফজলে এলাহী খান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আলতাফ হোসেন। 

তিনি জানান, ২৩ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর আশরতপুর কোর্টপাড়া এলাকায় পুলিশ সদস্য হাসান আলীর ভাড়া বাসা থেকে প্রতিবন্ধী রিকশাচালক নাজমুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে কনস্টেবল হাসান আলী ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। ঘটনার পরপরই ঐ পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীকে আটক করে পুলিশ। আগের দিন রাতে রিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে হাসান আলীর সঙ্গে নাজমুলের বিরোধ হয়। এরই জের ধরে প্রতিবন্ধী নাজমুলকে মারধর করেন হাসান আলী। একপর্যায়ে অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আশরতপুর কোর্টপাড়া এলাকার নিজের ভাড়া বাড়িতে নিয়ে যান হাসান আলী। পরে ঐ বাড়ি থেকে নাজমুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঐ রাতেই নাজমুলের স্ত্রী শ্যামলী বেগম বাদী হয়ে পুলিশ কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমকে আসামি করে একটি মামলা করেন।