এক দিনে ২২ মৃত্যুর অর্ধেকের বয়স ৬০ বছরের বেশি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২২:৪৫

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন পুরুষ আর নারী ছয় জন। তাদের মধ্যে ১১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ছয় জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।

গতকাল বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে কোভিড-১৯ পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়। গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ২৩৫ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ১২ হাজার             ৪৯৬ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২২ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৫৩১ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৫০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৬ হাজার ৭০ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি আরটি-পিসিআর ল্যাব, ২৬টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৪০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে, অর্থাত্ মোট ১৮০টি ল্যাবে ১৫ হাজার ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩২ লাখ ১৪ হাজার ৩৪৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ১১ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৯৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ লাখ ৪৮ হাজার ৮২টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ২৬২টি।

এক দিনে মৃতদের মধ্যে ১১ জন ঢাকা বিভাগের, পাঁচ জন চট্টগ্রাম বিভাগের, এক জন করে মোট চার জন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের এবং দুই জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৭ হাজার ৫৩১ জনের মধ্যে ৫ হাজার ৭৩৩ জনই পুরুষ এবং ১ হাজার ৭৯৮ জন নারী। তাদের মধ্যে ৪ হাজার ১০৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি।