২০২০ সালে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশংসিত ব্যক্তি হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। গ্যালাপের জরিপে এই তথ্য ওঠে এসেছে। এর আগে টানা ১২ বছর ধরে পুরুষের বিভাগে প্রশংসিত ব্যক্তির তালিকায় শীর্ষে ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর সিএনএনের
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার গ্যালাপের জরিপের ফল প্রকাশ করা হয়। টানা তৃতীয়বারের মতো প্রশংসিত নারীদের তালিকায় থাকলেন মিশেল ওবামা। প্রেসিডেন্ট নির্বাচন এবং করোনা ভাইরাস নিয়ে সমালোচনার শিকার হলেও ট্রাম্প প্রশংসার তালিকার শীর্ষেই থাকলেন। গ্যালাপ জানিয়েছে, খুব কম রিপাবলিকান ট্রাম্প ছাড়া অন্যকে ভোট দিয়েছেন। ৩৯ শতাংশ রিপাবলিকান কেবলই ট্রাম্পের পক্ষে। আর ডেমোক্র্যাটদের ভোট বিভক্ত হয়ে গেছে। বারাক ওবামার প্রতি ১৫ শতাংশের সমর্থন আছে। প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন ডেমোক্র্যাটদের ৬ শতাংশ এবং শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি পেয়েছেন ৩ শতাংশ মার্কিনির ভোট। প্রশংসার তালিকায় পোপ ফ্রান্সিস, সিনেটর বার্নি স্যান্ডার্স এবং বিল গেটসও রয়েছেন। দলীয়ভাবে ট্রাম্প ৪৮ শতাংশ রিপাবলিকান এবং ওবামা ৩২ শতাংশ ও বাইডেন ১৩ শতাংশ ডেমোক্র্যাটের ভোট পেয়েছেন। নিরপেক্ষ ১১ শতাংশ ভোট ট্রাম্প ও ওবামার মধ্যে ভাগ হয়েছে। নারী বিভাগে প্রশংসিত ব্যক্তি মিশেল ওবামা পেয়েছে ১০ শতাংশ ভোট। ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট কমলা হ্যারিস ৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে এবং মেলানিয়া ট্রাম্প ৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন।
