ফেনীতে ডিবি পরিচয়ে সাড়ে ২৭ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৩

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ২২:৪৭

ফেনীতে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে ২৭ লাখ ৬১ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এছাড়া আরো ছয় জনকে নজরদারিতে রাখা হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা জেলার তালতলী উপজেলার পঞ্চকরালিয়া গ্রামের ময়েজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. জাকির হোসেন (৩৮), বগুড়া পৌরসভার জেলাদার পাড়ার ইব্রাহিম আকন্দের ছেলে মো. সবুজ মিয়া (৫০) ও পাবনা জেলার চাটমোহর           উপজেলার চৌরইকুল গ্রামের মো. ইমরান নাজির (৩৫)।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে ২৭ লাখ ৬১ হাজার ৫০০ টাকা তুলে নিয়ে ব্যাংকের গ্রাহক আবু জাফর শাহীন সোনাগাজীর কুটিরহাটে যাচ্ছিলেন। বিকাল ৩টার দিকে একদল যুবক একটি প্রাইভেট কারযোগে এসে দাগনভূঞার বেকেরবাজারে শাহীনের পথরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। পরে টাকা ছিনতাই করে তারা শাহীনকে কুমিল্লার দয়াপুরে নিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ঐদিনই দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন শাহীন। গত মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিন জনকে গ্রেফতার, ৫০ হাজার টাকা ও ঘটনায় ব্যবহূত গাড়িটি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

পুলিশ সুপার নুরুন্নবী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঐ ছিনতাইয়ের ঘটনায় তারাসহ ৯ জন জড়িত ছিল বলে জানিয়েছে। আরো ছয় জনকে নজরদারিতে রেখে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে পুলিশ সুপার জানিয়েছেন।