সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে মাইক্রোবাসের আগুনে পুড়ে এক শিশুসহ চার জন নিহত হয়েছেন। আরো চার জন যাত্রী মারাত্মক আহত হয়েছেন। তারা ওসমানী হাসপাতালে চিকিত্সাধীন। পণ্যবাহী একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী মাইক্রো ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ৯৯৯ এ কল দিয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে জানালে তারা আগুন নিয়ন্ত্রণে আনে এবং চার জনের লাশ উদ্ধার করে । গুরুতর আহত চার জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সিলেটের গোলাপগঞ্জ সার্কেলের এএসপি রাশেদুল হক চৌধুরী বলেন, দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক-যাত্রীসহ তিন জন মারা যান। আর ঘটনাস্থল থেকে ১০০ ফুট দূরে সিলিন্ডারের টুকরো ছিটকে গিয়ে ঐ শিশুটিকে আঘাত করে।
