চট্টগ্রামের লোহাগাড়ায় অনুমতি ছাড়া ২ কোটি ২২ লাখ ঘনফুট পাহাড় কাটার দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ও তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে শুনানি শেষে এই জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের জন্য তমা কনস্ট্রাকশনকে ৩৭টি পাহাড় কাটার অনুমোদন দেওয়া হয়। কিন্তু তারা এর বাইরে আরো ১৬টি পাহাড়ের ২ কোটি ২২ লাখ ঘনফুট অতিরিক্ত মাটি কেটে নেয়। এমন অভিযোগের ভিত্তিতে তমা গ্রুপ অ্যান্ড কনস্ট্রাকশনকে শুনানিতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর। গতকাল শুনানি শেষে এ জরিমানা করা হয়। তমা গ্রুপের পক্ষে শুনানিতে অংশ নেন প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক হাতেম আলী মজুমদার ও জনসংযোগ কর্মকর্তা মো. জাকারিয়া।
উল্লেখ্য, দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ এন্ড কনস্ট্রাকশন লিমিটেড।
