মিসৌরির রিপাবলিকান সিনেটর জোশ হাউলে জানিয়েছেন, আগামী ৬ জানুয়ারি কংগ্রেসে ইলেকটোরাল কলেজ ভোট গণনায় তিনি আপত্তি জানাবেন। যাতে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের ফল গ্রহণ করা হবে কিনা, তা নিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটের আইনপ্রণেতারা ভোটাভুটি করে। এখন পর্যন্ত প্রথম সিনেটের হিসেবে হাউলে এই ঘোষণা দিলেন। এর আগে প্রতিনিধি পরিষদের কয়েক জন সমস্য-আপত্তি জানাবেন বলে জানিয়েছেন। সিএনএনের খবরে বলা হয়েছে, এই আপত্তিতে নির্বাচনের ফলে কোনো পরিবর্তন আসেব না। শুধু ট্রাম্পের আনুষ্ঠানিক জয় ঘোষণাকে কিছুটা বিলম্বিত করবে। এ ধরনের যে কোনো আপত্তি প্রতিনিধি পরিষদ নাকচ করবে। কারণ সেখানে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ রয়েছে।
খবরে বলা হয়েছে, হাউলের সঙ্গে আরো কিছু রিপাবলিকান সিনেটের যোগ দিতে পারেন। কারণ আদালতে হেরে এবার কংগ্রেসে বাইডেনের জয় আটকানোর চেষ্টা করছেন ট্রাম্প। তবে সিনেটের মেজরিটি লিডার মিচ ম্যাককোনেল ব্যক্তিগতভাবে রিপাবলিকান সিনেটরদের এই বিরোধিতায় না যাওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, এ ধরনের আপত্তি অহেতুক। ভোটাভুটি হলে অনেক রিপাবলিকান সিনেটরকে ট্রাম্পের বিরুদ্ধেই ভোট দিতে হবে।
ভেটো অগ্রাহ্য করায় ট্রাম্পের সমালোচনা
প্রতিরক্ষা ব্যয় বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করার পক্ষে মত দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এতে সমর্থন দিয়েছেন ১০৯ জন রিপাবলিকান আইনপ্রণেতা। এ কারণে খুবই চটেছেন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। এ ঘটনাকে তিনি খুবই ‘প্যাথেটিক’ বলে মন্তব্য করেছেন। তিনি সিনেটে তার ভেটোকে সমর্থন দেওয়ার জন্য রিপাবলিকান সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কর্মহীন মার্কিনিদের ২ হাজার ডলার দেওয়ার প্রস্তাবে সমর্থন দেওয়ার জন্য সিনেটের রিপাবলিকান নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তার মতে, এতে সমর্থন না দেওয়ার মানে হবে দলের ‘মৃত্যু চাওয়া’। তবে সিনেটের মেজরিটি লিডার মিচ ম্যাককোনেল সিনেটে এ বিষয়ে ভোট আটকে দিয়েছেন। একই সঙ্গে প্রতিরক্ষা বিলে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সিনেটে প্রতিরক্ষা বিলে ট্রাম্পের ভেটো নিয়ে ভোটাভুটি হওয়ার কথা। সেখানে প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করার পক্ষে দুই-তৃতীয়াংশ সিনেটরের ভোট পড়লে বিলটি আইনে পরিণত হবে। আর এটি হবে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো ভেটো অগ্রাহ্য করার প্রথম ঘটনা। রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করার সম্ভাবনা খুবই প্রবল।
জর্জিয়ায় প্রচারণা চালাবেন বাইডেন
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জর্জিয়ায় সিনেটের সংখ্যা গরিষ্ঠতা নির্ধারণে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে প্রচারণা চালাবেন। সোমবার বাইডেন আটলান্টায় এবং হ্যারিস রবিবার সাভান্নাহতে প্রচারণা চালাবেন। জর্জিয়ায় ডেমোক্রেটিক দলের দুই সিনেট প্রার্থী হলেন—জন ওসফ এবং রাফায়েল ওয়ারনক। তারা দুই জনই বর্তমান রিপাবলিকান সিনেটর কেলি লোয়েফলার এবং ডেভিড পারডুর বিরুদ্ধে লড়ছেন। প্রসঙ্গত, এই নির্বাচনে একটিতে জিতলেই সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে রিপাবলিকান পার্টি। আর যদি ডেমোক্র্যাটরা দুটিতেই জিততে পারে তবে দুই দলেরই ৫০-৫০ আসন হবে।
