যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের বিমান ফ্লাইট সাময়িক বন্ধ রাখার সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নিতে কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে।
বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম গণমাধ্যমকে জানান, যুক্তরাজ্যে যে নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সেটি বাংলাদেশে আছে কিনা, তা এখনো নিশ্চিত নয়। তবে ফ্লাইট চলতে থাকায় বাংলাদেশেও ছড়ানোর ঝুঁকি রয়েছে। এ কারণে কমিটির পক্ষ থেকে সাময়িকভাবে ফ্লাইট বন্ধের পরামর্শ দেওয়া হয়েছে।
শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মুহিবুর রহমান মানিক, আব্দুল আজিজ, সৈয়দা জাকিয়া নুর, রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ) ও আমিরুল আলম মিলন অংশ নেন।
