দীর্ঘমেয়াদি সুবিধা পেতেই মুক্তবাণিজ্য চুক্তি করা হচ্ছে :বাণিজ্যমন্ত্রী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০০:৩৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, দীর্ঘমেয়াদি বাণিজ্যসুবিধা পেতেই সরকার পিটিএ (অগ্রাধিকার বাণিজ্য চুক্তি) বা এফটিএ (মুক্তবাণিজ্য চুক্তি) করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈদেশিক বাণিজ্যে শুল্ক আয় হ্রাসের সম্ভাবনা থাকলেও দীর্ঘ মেয়াদে আমরা সুফল পাব। প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে এগিয়ে যেতে হলে দক্ষতার সঙ্গে বাণিজ্য করতে হবে। বিশ্বব্যাপী এখন বাণিজ্য কূটনীতি চলছে, আমাদেরও এ সুবিধা নিতে হবে। কূটনীতিকদের দেশের রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করতে ভূমিকা রাখতে হবে।

বাণিজ্যমন্ত্রী গতকাল বুধবার সচিবালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফরমে ভূ-অর্থনীতি ও বাংলাদেশ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রিসার্চ পলিসি ইনট্রিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) এবং ফ্রাইডরিচ এবার্ট স্টুফ্টুংয়ের সহযোগিতায় ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর আয়োজন করে। এসময় বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ভোক্তা বিবেচনায় এশিয়াকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। এশিয়ার মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ফলে এশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাজার হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধ এবং কোভিড-১৯ বিশ্ববাণিজ্যে প্রভাব ফেলেছে। বাংলাদেশ সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলে বিশ্বের মন্দা অর্থনীতির মধ্যেও আমরা ভালোভাবেই টিকে আছি। বাংলাদেশ রপ্তানি-পণ্যসংখ্যা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আশা করা যায়, কোভিড-১৯ পরবর্তী সময়ে বাংলাদেশ ভালোভাবেই এগিয়ে যাবে।

ইআরএফ-এর সভাপতি শারমিন রিনভির সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। আলোচনায় অংশ নেন সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক  সচিব এম হুমায়ুন কবীর, এমসিসিআই-এর প্রেসিডেন্ট ব্যারিস্টার নিহাদ কবীর, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। সেমিনারে কী-নোট উপস্থাপন করেন র্যাপিড চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক, এফইএসএমএসের আবাসিক প্রতিনিধি টিনা ব্লোহোম। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।