টিকটকসহ তিন অ্যাপস বন্ধে হাইকোর্টে রিট

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০০:৩৫

মোবাইল অ্যাপস বিগো লাইভ, টিকটক, লাইকি বন্ধ/নিষিদ্ধে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন আইনজীবী মো. জে আর খান (রবিন)। রিটে যুব সমাজ/তরুণ-তরুণীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিগো লাইভ, টিকটক, লাইকি নামক মোবাইল ফোন অ্যাপস বন্ধে/নিষিদ্ধে সংশ্লিষ্টদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা এবং একই সঙ্গে কেন উক্ত অ্যাপস বন্ধের নির্দেশনা দেওয়া হবে না—এই মর্মে রুল জারির জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। আবেদনে স্বরাষ্ট্রসচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, তথ্যসচিব, বিটিআরসির চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

জে আর খান রবিন বলেন, এইসব অ্যাপ ব্যবহার তরুণ প্রজন্মকে বিপথগামী করা হচ্ছে। নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ হারিয়ে যাচ্ছে। তরুণ বা কিশোররা গ্যাংয়ে জড়িয়ে অপরাধমূলক কার্যক্রমে অংশ নিচ্ছে। তরুণ সমাজ এ অ্যাপসের মাধ্যমে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে চায় এবং নিজেকে জনপ্রিয় ভাবতে শুরু করে।