আগামীকাল শুক্রবার থেকে আট ঘণ্টার বেশি কাজ করবে না বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল কর্মীরা। পাশাপাশি তারা দুই দিন সাপ্তাহিক ছুটিসহ সব গেজেটেড ছুটি ভোগ করবে। গতকাল বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল অ্যাসোসিয়েশেনের (কেন্দ্রীয় কমিটি) সভাপতি প্রভাস কুমার মল্লিক বলেন, ২০২০ সালের ১ জানুয়ারি উচ্চ আদালতে চলমান কনটেম্ট পিটিশনে রেলওয়ে কর্তৃপক্ষ এক হলফনামায় উল্লেখ করেন যে, বাংলদেশ রেলওয়ের সংকেত বিভাগের মাঠ পর্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা কনটিনিউয়াস ক্যাটাগরি হিসেবে সব সুযোগ-সুবিধা পাচ্ছেন; কিন্তু সুষ্ঠু নিরাপদ ও গতিশীল ট্রেন পরিচালনার কারিগরদের এখনো কোনো ধরনের সুযোগ-সুবিধা ব্যতিরেকে দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন, বছরে ৩৬৫ দিন দায়িত্ব পালন করানো হচ্ছে। ফলে শুক্রবার থেকে রেলওয়ে প্রশাসন কর্তৃক আদালতে দায়েরকৃত হলফনামা অনুসারে দায়িত্ব পালন করবে। সেক্ষেত্রে প্রশাসন কোনো ব্যত্যয় ঘটালে প্রদত্ত হলফনামা মিথ্যা বলে প্রমাণিত হবে।
তিনি আরো বলেন, গত ৭ ডিসেম্বর রেলওয়ের মহাপরিচালককে পত্র দ্বারা বিষয়টি জানানো হয়েছে; কিন্তু গতকাল বুধবার পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তিনি বলেন, তবে আমরা আমাদের সিদ্ধান্তে অনড়।
