পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী অপহরণের ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। শনিবার দুপুর ১২টায় পটিয়া উপজেলা প্রশাসনের প্রধান ফটক এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় স্কুলের বিভিন্ন শ্রেণির কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গত ১০ জানুয়ারি স্কুল ছাত্রী সুমাইয়া আলম নিজ গ্রামের বাড়ি উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকা থেকে কয়েকজন যুবক জোরপূর্বক একটি কালো হাইস-মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে পরিবার।
পরিবার ও স্কুল সূত্রে জানা গেছে, সুমাইয়ার পিতা আবদুল আলম আবুধাবী প্রবাসী। ঘটনার দিন স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়ার সময় সকাল ৯টার দিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। এতে মোঃ সাকিল, আজিজুল হক, লায়লা খাতুন, মোঃ ইমন, মোঃ মনির, মোঃ হিরুসহ অজ্ঞাতনামা আরো দুই/তিনজনকে আসামি করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নং-২২। মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন স্কুল ছাত্রী সুমাইয়ার পরিবারের সদস্য নার্গিস আকতার, শাহনাজ আকতার, জান্নাতুল সিদ্দিক, মুমিনুল হক সাজ্জাদ, জান্নাতুল ফেরদৌস ঝর্না, ছাব্বির হোসেন, আমজাদ হোসেন, আবুল হোসেন। অবিলম্বে সুমাইয়াকে উদ্ধার করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
পটিয়া থানার উপ-পরিদর্শক আবদুল খালেক বলেন, অপহরণ মামলার তদন্ত কার্যক্রম চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে প্রেমঘটিত ঘটনা। স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পুলিশের যতসব প্রক্রিয়া রয়েছে তা ব্যবহার করে উদ্ধার তত্পরতা চলছে।
