নলছিটিতে সাত শ’ বোতল ফেনসিডিল জব্দ আটক দুই

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির নলছিটিতে একটি ট্রাকের তেলের ট্যাঙ্কির মধ্য থেকে অভিনব কায়দায় রাখা ৭০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এসময় ট্রাকের চালক ও চালকের সহকারীকে আটক করা হয়। শুক্রবার রাতে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকা থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর একটি দল বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায়। যশোর থেকে আসা একটি ট্রাকে তল্লাশি চালায় তাঁরা। ট্রাকের তেলের ট্যাঙ্কির মধ্যে অভিনব কায়দায় রাখা ৭০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে র্যাব। এসময় ট্রাকের চালক আদম আলী ও চালকের সহকারী মো. রানাকে আটক করা হয়। আটককৃতরা যশোরের ঝিকরগাছা উপজেলার বুরুন্দাপুর গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরে তাদের নলছিটি থানায় সোপর্দ করে র্যাব। এ ঘটনায় বরিশাল র্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) মাহাফুজুর রহমান বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, আটককৃতরা যশোর থেকে ফেনসিডিল নিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো বলে র্যাবের কাছে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।