দুর্গাপুরে কমরেড মণি সিংহকে স্মরণ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৭:১৭

ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টংক আন্দোলনের মহান নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ৩০তম মৃত্যুবার্ষিকী স্মরণে নেত্রকোনা জেলার দুর্গাপুরে টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দিবসের শুভ উদ্বোধন করেন কমরেড মণি সিংহ মেলা কমিটির আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ বর্ষীয়ান নেতা বাবু দুর্গা প্রসাদ তেওয়ারী। উদ্বোধন শেষে মহান নেতার স্মৃতির প্রতি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্কুল-কলেজ ও সুশীল সমাজের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। শেষে মেলা কমিটির সদস্য মুক্তিযোদ্ধা উপজেলা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদারের সভাপতিত্বে সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীরের সঞ্চালনায় কমরেড মণি সিংহের জীবনী ও সংগ্রামের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন: কামারখন্দে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৮ শ্রমিক আহত

সভায় আলোচক ছিলেন- সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মণি সিংহের একমাত্র সন্তান ডা. দিবালোক সিংহ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আয়কর উপদেষ্টা অজয় কুমার সাহা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, পৌর মেয়র মাওলানা মো. আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, সিপিবি জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যক্ষ আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মো. আ. হান্নান ,ইউপি চেয়ারম্যান শাহিনুর আলম সাজু প্রমুখ। 

আলোচনা সভা শেষে আদিবাসী সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশন করা হয়। 

ইত্তেফাক/এসি