ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালমৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে বৃহস্পতিবার বিকেলে দোকান মালিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে।
নিহত ব্যক্তি কালামৃধা বাজারের দোকান মালিক লাল মিয়া হাওলাদার (৫৫)। সে দক্ষিণ কালামৃধা গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে। গুরুতর আহতরা হলো, কোহেল হাওলাদার, ইব্রাহীম হাওলাদার, বাদল হাওলাদার, সুজন হাওলাদার। এদেরকে স্থানীয় জনতা উদ্ধার করে চিকিৎসার জন্য ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ মোতায়েন করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানায়, ফার্নিচার ব্যবসায়ীর কাঠ শুকানো নিয়ে দোকান মালিকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত ও একজন দোকান মালিক নিহত হয়। আমরা নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ হতে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাজারের ভাড়াটিয়া ফার্নিচার ব্যবসায়ী এছাহাক মোল্লার কাঠ শুকানো নিয়ে পার্শ্ববর্তী দোকান মালিক সুজন হাওলাদের কথা কাটাকাটি হয়। বিকেলে বিষয়টি নিয়ে সুজন হাওলাদার ও স্থানীয় ইউপি সদস্য আমির মোড়লের লোকজন এসে ফার্নিচার ব্যবসায়ীর ওপরে হামলা চালায়। খবর পেয়ে ফার্নিচার ব্যবসায়ীর দোকান মালিক সুজন হাওলাদারসহ তাদের লোকজন সেখানে উপস্থিত হয়। সেসময় ব্যবসায়ী ও দোকানমালিকদের সাথে রক্তক্ষয়ী সংর্ঘের সৃষ্টি হয়।
ঘটনার পর এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
ইত্তেফাক/এএএম
