ফুটবলে বর্ষপঞ্জি ঘোষণা

প্রধান সমস্যা অর্থ সংকট

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ২০:০৯

নতুন বছরের একদিন আগেই ফুটবলের বর্ষপঞ্জি ঘোষণা করেছে বাফুফে। অতীত ইতিহাসে এমন ঘটনা খুব কমই। এবার বছরের শেষের দিনেই বর্ষপঞ্জি জানিয়ে দিল বাফুফে। তিন পৃষ্ঠার একটি পরিকল্পনা নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং তার বোর্ডের অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ফুটবল ভবনে সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন ২০২১ সালের পরিকল্পনা।

যেখানে ঘরোয়া, আন্তর্জাতিক, নারী ফুটবল, দেশজুড়ে নারী পুরুষ ফুটবল, প্রতিভা অন্বেষণ সহ সবমিলিয়ে ৬৯টি পরিকল্পনার কথা ঘোষণা করা হয়। সমস্যা হচ্ছে এতো পরিকল্পনা বাস্তবায়নে প্রচুর অর্থেরও প্রয়োজন। এটা কিভাবে সংগ্রহ হবে তা নিয়ে মাথা ব্যথা বাফুফের সভাপতির। সালাউদ্দিন জানিয়েছেন স্পন্সরদের সঙ্গে কথা বলবেন এবং খুব শীঘ্রই ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে তার প্রতিজ্ঞা হচ্ছে যেভাবেই হোক বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন,‘ফুটবলের উন্নয়নে তৃণমূলে যেসব পরিকল্পনার কথা আমরা উল্লেখ করেছি তা বাস্তবায়ন হলে ফুটবলের সিঁড়িটা লম্বা হবে এবং মজবুত হবে। এখনই ফল পাওয়া যাবে না অপেক্ষা করতে হবে।’

করোনার মধ্যেও বাফুফে নেপালকে ঢাকায় এনে দুই ম্যাচের সিরিজ আয়োজন করে। যা কিনা উপমহাদেশে প্রথম ঘটনা। নতুন বছরেই কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হবে। বাংলাদেশের গ্রুপে নিজেদের শেষ তিনটি ম্যাচ করোনার কারণে হয়নি। ২৫ মার্চ আফগানিস্তান, ৭  ও ১৫ জুন ভারত এবং ওমানের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ, ঢাকায়। 
আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে তিনটি।

১-১১ মার্চ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল, ১৪-২৫ সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ, ১৮-৩০ অক্টোবর শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল। বাফুফে সভাপতি জানিয়েছেন তারা শেখ কামাল টুর্নামেন্ট করবেন। চট্টগ্রাম আবাহনী যদি করতে চায়, করতে পারবে। তবে টুর্নামেন্ট হবে তার নিশ্চয়তা দিয়েছেন তিনি।   

নতুন বছরে ১৬ বার ফিফা প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেগুলো সব কাজে লাগাতে পারবে কিনা তা নিয়ে বাফুফে জানিয়েছে বিশ্বকাপের বাছাইয়ে পরবর্তী রাউন্ডে উঠার উপর নির্ভর করছে। দ্বিতীয় রাউন্ডে উঠলে একরকম না উঠলে আরেক রকম পরিকল্পনা নেয়া হবে।  

জাতীয় দলের প্রস্তুতির সময় লিগ বন্ধ থাকবে। কিন্তু সেটা ক্লাবগুলোর সঙ্গে কথা বলে সময় বের করে নিতে চায় বাফুফে। কথা বলবে ক্লাবগুলোর সঙ্গে। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ ফুটবল লিগ এক সঙ্গে হবে। এক লিগের খেলোয়াড় একই সঙ্গে অন্য লিগেও যেন  না খেলার সুযোগ পায়। অনিয়ম ঠেকাতে এই পথে যাওয়ার ভাবনা। বাফুফে বলছে ৩টি লিগ পাশাপাশি চললে পাইপলাইনে খেলোয়াড় পাওয়া যাবে। 

ইত্তেফাক/এসআই