ইংরেজি নতুন বছরের প্রথম দিনে শুক্রবার মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ ফুটবলের নকআউটের লড়াই। ফেডকাপে বাঁচা মরার লড়াইয়ে আট দল মুখোমুখি হবে। বিকাল ৪টায় শেখ রাসেল এবং চট্টগ্রাম আবাহনী নামবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে বুধবার। একদিন বিরতি দিয়েই শুক্রবার নকআউট পর্ব শুরু। শেখ রাসেল মাত্র একদিন সময় পেয়েছে। একদিনে পুরোপুরি প্রস্তুতি নেয়ার সুযোগও পায় না। শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু বললেন,‘এতো স্বল্প সময়ের ব্যবধানে খেলাটা কঠিন হলেও চ্যালেঞ্জ। আমরা ক্লান্তি কাটাতে খেলোয়াড়দের নিয়ে কাজ করেছি।’ তিনি বলেন,‘অনেক সময় এধরনের পরিস্থিতিতে ম্যাচ খেলতে হয়। খেলোয়াড়দের গুছিয়ে আবার মাঠে নামাটা কোচদের জন্য কঠিন হলেও এটা ফুটবলে হয়।’
যারা ম্যাচ খেলেছেন তাদের নিয়ে একভাবে, যারা খেলেননি তাদের আরেক ভাবে কাজ করেছেন কোচ টিটু। বললেন, ‘মানসিক প্রস্তুতিটা যেন ভালো হয় তা নিয়ে কাজ করলাম।’
তিন দিন বিরতি পেয়েছে চট্টগ্রাম আবাহনী। শেখ রাসেলের চেয়ে এগিয়ে থাকবে। কিন্তু চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হক বললেন,‘যদি রসদ থাকে সময় কোনো ব্যাপার না। আমার মনে হয় এটা কোনো দলের জন্য এডভান্টেজ বা ডিজএডভান্টেজ নয়। লিগে পর পর তিন ম্যাচ খেলেছি ৫ দিনে। যারা চ্যাম্পিয়ন হতে চায় তারা সেভাবেই প্রস্তুতি নিয়ে মাঠে নামে।’
মারুফুল হক এবং সাইফুল বারী। এই দুজনের মধ্যে সম্পর্ক খুবই ভালো। ফুটবল নিয়েই তারা মাথা ঘামান। নতুন নতুন কিছু শেখার চেষ্টা করেন। যেটা নিজে শেখেন সেটাই আবার মাঠে তাদের খেলোয়াড়দের শেখানোর জন্য প্রাণপণ চেষ্টা করেন। খেলোয়াড়রা কতটা গ্রহণ করতে পারেন সেটা খেলোয়াড়রাই বলতে পারেন। তবে কোনো খেলোয়াড় যদি নিজ থেকে টিটু মারুফুলের কাছে আসেন তাদের জন্য দরজা খোলা থাকে। মারুফ-টিটুর সম্পর্ক যতই ভালো হোক তারা মাঠের ডাগআউটে পরস্পরের শত্রু।
ইত্তেফাক/এসআই
