ইত্তেফাক রিপোর্ট
‘১৮ জানুয়ারি নির্মাণ শ্রমিকদের দাবি দিবস’ উপলক্ষে গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও র্যালি করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। সমাবেশে ইনসাব নেতারা প্রতিমাসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভা অনুষ্ঠান; নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা প্রদান; পেনশন স্কিম ও রেশনিং ব্যবস্থা চালু এবং কর্মস্থলে আহত ও নিহতদের এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের জন্য ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের মৌলিক অধিকার বাস্তবায়নের দাবি জানান।
ইনসাবের কেন্দ্রীয় সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশ ও র্যালি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, ইনসাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক মো. হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, অর্থ সম্পাদক মো. রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ, প্রচার সম্পাদক মো. শরীফ মিয়া প্রমুখ।
