সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৫৮

আমিনুল ইসলাম হিরু, বগুড়া অফিস

বগুড়া জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫টি ড্রেজার মেশিন ধ্বংস করার পরেও সারিয়াকান্দির জোড়গাছা ব্রিজের উজানে বাঙ্গালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইদিন বন্ধ থাকার পর আবার নতুন করে একই জায়গা থেকে বালু তোলা শুরু করা  হয়েছে। গত ১০ জানুয়ারি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত জোড়গাছায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনরত ১৫টি ড্রেজার মেশিন ধ্বংস করে।   

অবৈধ এবং অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় জোড়াগাছা ব্রিজ, সংযোগ সড়ক, নদী ভাঙন রোধে এলজিইডির নির্মিত পাইলস ও কৃষি জমি হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিন যাবত্ একটি সংঘবদ্ধ চক্র ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে বাঙ্গালি নদীতে ড্রেজার বসিয়ে প্রতিদিন ২/৩শ’ ট্রাক বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। ওই  বালুভতির্  ট্রাক বগুড়াসহ দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি ট্রাক বালু দেড়/দু’হাজার টাকায় বিক্রি হচ্ছে। নাম প্রকাশ করতে অনিচ্ছুক জোড়গাছা গ্রামের কয়েকজন কৃষক জানান, যত্রতত্র বালু উত্তোলন করায় আমাদের ফসলি জমি ধসে যাচ্ছে। বালুখেকোরা প্রভাবশালী। তাই আমরা প্রতিবাদ করার সাহস পা্ই না। প্রতিবাদ করলে আমাদের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুবেলউদ্দিন জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের হাত অনেক  অনেক লম্বা। তাদের সাথে পেরে ওঠা কঠিন।

এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম জানান, বড় ধরনের অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। জেলা প্রশাসক ফয়েজ আহমেদ বলেন, আবার ব্যবস্থা নেওয়া হচ্ছে।