ছেলের নির্যাতনে ঘরছাড়া বাবাকে বাড়ি পৌঁছে দিলো পুলিশ

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ০২:২৪

রংপুরের পীরগাছায় মাদক কারবারি ছেলের নির্যাতনে চয় মাস ধরে ঘর ছাড়া ছিলেন বৃদ্ধ মা-বাবা। অবশেষে নিজ বাড়িতে তাদের পৌঁছে দিয়েছে পুলিশ।  

মঙ্গলবার রাতে পুলিশের গাড়িতে করে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য কাজী আব্দুস সাত্তার ও তার স্ত্রী রোকেয়া বেগমকে তাদের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

পুলিশ জানায়, ছেলে মামুনুর ইসলাম শান্তর হাতে নির্যাতনের শিকার হয়ে ৬ মাস ধরে স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়া ছিলেন বৃদ্ধ বাবা কাজী আব্দুস সাত্তার। এই বাবার অসহায়ত্বের কথা শোনেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ পীরাগছা উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফিন, পীরাগছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম, ওসি তদন্ত দেবাশীষ রায়। পরে আব্দুস সাত্তার বাড়িতে ফিরতে রাজি হলে তাকে এবং তার স্ত্রীকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বলেন, আমরা ওই ছেলেকে ধরতে একাধিক স্থানে অভিযান চালিয়েছি। তাকে পাওয়া যায়নি। বৃদ্ধের সঙ্গে কথা বলে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে এবং তার স্ত্রীকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তাদের ছেলেকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

প্রসঙ্গত, ‘মাদক ব্যবসায়ী ছেলের নির্যাতনে ছয় মাস ধরে বাড়িছাড়া অসহায় বাবা-মা’ শিরোনামে ২৬ ডিসেম্বর ইত্তেফাক অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।  

ইত্তেফাক/জেডএইচ