সিনোফার্মের টিকা গণহারে ব্যবহারের অনুমোদন দিল চীন

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১০:৫৮

চীনের দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের টিকা প্রথমবারের মতো গণহারে সাধারণ জনগণের মাঝে ব্যবহারের অনুমোদন দিয়েছে চীন। ভ্যাকসিনটি তৈরি করেছে বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্ট ইনস্টিটিউট। 

গতকাল বৃহস্পতিবার থেকে এই টিকার অনুমোদন দিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমন সময় সাধারণ জনগণের মাঝে টিকা দেওয়ার সিদ্ধান্ত এল যখন শীত মৌসুমের কারণে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আশঙ্কা করছে সারা বিশ্ব। যদিও চীন দেশীয় প্রতিষ্ঠান সিনোফার্মের এই টিকার কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। 

তবে এই টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর বলে দাবি করেছে টিকার উন্নয়নে যুক্ত বেইজিং বায়োলজিক্যাল প্রোডাক্টস ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠানটি। 

ডিসেম্বরে প্রথমবারের মতো সিনোফার্মের এই টিকা নিজ দেশে ব্যবহারের অনুমতি দেয় সংযুক্ত আরব আমিরাত। ইতিমধ্যে সিনোফার্মের কাছ থেকে ১২ লাখ ডোজ টিকা কেনার বিষয়ে চুক্তি সই করেছে পাকিস্তান।