৯৯৯ এ ফোন কল পেয়ে স্বামী পরিত্যক্তা এক নারীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। এর আগে ওইদিন সকালে উপজেলার পূর্ব ব্রাহ্মিকুন্ডা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ছাওলা ইউনিয়নের নিজপাড়া উপরচকি গ্রামের আবুল হোসেনের ছেলে রাজু মিয়া (২৪), আদম গণেশ খামার গ্রামের হাবিবুর রহমানের ছেলে হারুন অর রশিদ (৩০) ও একই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে বেলাল হোসেন (২৮)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বখাটেরা বাড়িতে ঢুকে ওই নারীকে কুপ্রস্তাব দেয় ও শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় পরিবারের লোকজন তাদের বাধা দিলে উভয়ের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন ৯৯৯ এ কল করে পুলিশের সহযোগিতা চায়। ৯৯৯ থেকে ফোন কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করলেও শাহাদত নামে একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই নারী বাদী হয়ে পীরগাছা থানায় ৪ জনের নামে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার উপ-পরিদর্শক(এসআই) হুমায়ূন কবির বলেন, ঘটনার পর ওই নারী ৪ জনকে অভিযুক্ত করে একটি যৌন নিপীড়নের মামলা দায়ের করেছে। ওই মামলায় ৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ৯৯৯ এ ফোন কল পেয়ে ৩ বখাটেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
ইত্তেফাক/বিএএফ
