নরসিংদীর বেলাব উপজেলার বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে তিন বোনসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার জংগুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদীর পলাশ উপজেলার চলনা গ্রামের বেনু মিয়ার মেয়ে কামরুন্নাহার (৩৫), কামনা (২৪), ত্রিশা (২২) এবং কুষ্টিয়ার মিরপুরের ইয়াকুব আলীর ছেলে নোয়াব আলী (৫৫)। নোয়াব আলী ঢাকার বনানীর বিএইচটি ইন্ডাস্ট্রিজ নামে একটি বাইং হাউজের জেনারেল ম্যানেজার ছিলেন।
আরো পড়ুন : ভারতে অক্সফোর্ডের টিকা ব্যবহারের সুপারিশ
বেলাব থানার এসআই সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস বেলাব উপজেলার জংগুয়ার এলাকায় পৌঁছালে ভৈরব থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারচালক ও একই পরিবারের তিন বোন ঘটনাস্থলেই নিহত হয়। অপর এক মহিলাকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের বাড়ি গাজীপুর জেলায় বলে জানা গেছে।
ইত্তেফাক/ইউবি
