জয়ে চট্টগ্রাম আবাহনীর বর্ষবরণ

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২১:৫৩

ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী যেন ভেলকি দেখিয়ে সেমিফাইনালের টিকিট নিয়ে গেল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ২-০ গোলে শেখ রাসেলকে হারিয়ে বিদায় দিল, নিজেরা সেমিফাইনালে উঠে গেল।

দুই দলের লড়াই ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়। সেখানে গিয়ে শেখ রাসেলের মতো ভালো দল পেরে উঠেনি। চট্টগ্রাম আবাহনী ১২০ মিনিটেই ২ গোল করে জয় তুলে নেয়।

শুক্রবার ছুটির দিনে ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী শেখ রাসেলের খেলা দেখতে বেশ কিছু দর্শক গিয়েছিলেন। ইংরেজি নববর্ষের উপহার এনে দিয়েছেন চট্টগ্রাম আবাহনীর ১০৭ মিনিটে রাকিব হোসেন এবং ১১৩ মিনিটে মান্নাফ রাব্বি।  নতুন বছরের প্রথম দিনেই কাল এই উপহার পেয়ে চট্টগ্রাম আবাহনী দারুণ খুশি।

খেলা শেষ হওয়ার পর ডাগআউটে খেলোয়াড়, কোচ কর্মকর্তাদের মধ্যে যেন নতুন বছরের শুভেচ্ছা আবার নতুন করে উঠল।

কোচ সাইফুল বারী টিটুর শেখ রাসেলকে হারাতে অনেক কষ্টই হয়েছে কোচ মারুফুল হকের চট্টগ্রাম আবাহনীর। শেখ রাসেল একদিন পরই কাল বড় ম্যাচে মাঠে নামল। আর চট্টগ্রাম আবাহনী তিন দিন বিশ্রাম পেয়ে মাঠে নেমেছিল।

তবে ৯০ মিনিটের যে লড়াইটি স্টেডিয়ামের দর্শক দেখেছেন তা নিয়ে দর্শকের মধ্যে বাড়তি এতটা উত্তজনাও কাজ করছিল। শেষ পর্যন্ত কি হয় তা দেখার অপেক্ষায় ছিলেন তারা। এই ম্যাচে উত্তজনার কারণও ছিল দুই দলের দেশি এবং বিদেশি খেলোয়াড়দের মধ্যে বার বার উত্তেজনা। একজন আরেক জনকে ফেলে দেওয়ার ঘটনা দর্শক টিভি রিপ্লেতে দেখেছেন। বিদেশি খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছিল, তবে কিছু কিছু ফুটবলারের মধ্যে ধৈর্য ছিল বলে উত্তজনা আগুনে রূপ নেয়নি।

৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে না পারায় অলব্লুজদের হতাশ করেন শেখ রাসেলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লোপেজ রদ্রিগেজ। পেনাল্টিতে লোপেজের শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন চট্টগ্রাম আবাহনীর গোলকিপার নাঈম। ১০৭ মিনিটে রাকিব হোসেন ঠান্ডা মাথায় বাঁ পায়ের শটে গোল করেন ১-০। রাসেলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা তাকিয়ে দেখলেন। ১১৩ মিনিটে চার্লস দিদিয়েরের বাড়ানো বল নিয়ে মান্নাফ রাব্বি দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল করেন ২-০।