বিদেশে লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের অনেক ফুটবলারেরই। কিন্তু গত কয়েক বছরে ভাটা পড়েছিল তাতে। অবশেষে জামাল ভূইয়ার মাধ্যমে খুলতে যাচ্ছে সেই দুয়ার। আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ অধিনায়ক।
প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে আই লিগে অংশ নিতে ইতিমধ্যেই কলকাতায় অবস্থান করছেন জামাল। কোয়ারেন্টাইনে থেকেই গতকাল সাক্ষাত্কার দিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। যেখানে জানিয়েছেন, কলকাতা মোহামেডান যে তাকে দলে ভিড়িয়ে কোনো ভুল করেনি, তারই প্রমাণ দিতে চান তিনি।
জামাল বলেন, ‘নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে প্রমাণ করাই আমার কাজ। সঙ্গে এ-ও প্রমাণ করতে হবে, আমাকে নিয়ে কলকাতা মোহামেডান কোনো ভুল করেনি।’ জামালের আই লিগে খেলার খবর ছড়িয়ে পড়ার পরপরই, দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে তাকে নিয়ে প্রত্যাশার মাত্রাটা একেবারেই তুঙ্গে। যে কোনো ফুটবলারের জন্য সেটা চাপ, জামাল তা ইতিবাচক হিসেবেই নিচ্ছেন।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ফুটবলার হিসেবে ভিন্ন ভিন্ন চাপের মুখোমুখি হতে হয়। আমি মনে করি, এমন চাপ আমার জন্য ইতিবাচক। চাপই যদি না থাকে তাহলে খেলার মজা কোথায়। আমি এই চ্যালেঞ্জ নিতে চাই এবং রোজ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশেও এমন চ্যালেঞ্জ নিয়েছি।’
জামালের এই মানসিকতা আত্মবিশ্বাস জোগাচ্ছে কলকাতা মোহামেডানের সচিব ওয়াসিম আকরামের। তিনি বলেন, ‘জামাল একজন চ্যাম্পিয়ন এবং বর্তমানে এশিয়ার অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। সে চ্যাম্পিয়ন হওয়ার বাড়তি ক্ষুধা ও মানসিকতা দলের ভেতর যোগ করেছে।’
সব ঠিক থাকলে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে আগামীকাল অনুশীলন শুরু করবেন জামাল। কলকাতায় যাওয়ার আগে পরিবার ও বাংলাদেশি কোচদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন তিনি। তারাও তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, ‘এখানে আসার আগে অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের ভারতে কাজ করার অভিজ্ঞতা আছে। তাকে জিজ্ঞাসা করেছিলাম ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে। তিনিও বলেছিলেন, ‘আমি হলে খেলতে যেতাম।’
