মুজিবশতবর্ষ বিজয় দিবস উন্মুক্ত র্যাংকিং টেবিল টেনিসের পুরুষ এককে পুলিশের মুহতাসিন আহমেদ হূদয় ও নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সেনাবাহিনীর রহিমা আক্তার। শুক্রবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ এককের ফাইনালে মুহ্তাসিন আহমেদ হূদয় ৪-১ সেটে বাংলাদেশ আনসারের মোহাম্মদ জাভেদ আহমেদকে হারিয়ে শিরোপা জিতে নেন। নারীদের ফাইনালে সেনাবাহিনীর রহিমা আক্তার ওয়াকওভার পান আনসারের সোনাম সুলতানা সোমার বিরুদ্ধে। খেলা চলাকালীন সময়ে সোমা পায়ে ব্যথা পাওয়ায় খেলতে পারেননি। ঐ সময়ে স্কোর ছিল রহিমা ৭ ও সোমা ৬। ফলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী রহিমা আক্তারকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণ করেন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মফিজ আল আসাদ। এ সময় পুলিশের কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি রিয়াজ আলম, ফেডারেশনের সহসভাপতি খোন্দকার হাসান মুনীর, সাধারণ সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শামসুল আলম আনু উপস্থিত ছিলেন।
