গত বছর ফেব্রুয়ারিতে টি-২০ বিশ্বকাপে সব ম্যাচ হেরে দেশে ফিরেছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। তারপরই করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করে গোটা বিশ্বে। করোনার থাবায় স্থবির হয়ে পড়ে দেশের ক্রিকেটাঙ্গনও। জুন-জুলাই পুরুষ ক্রিকেটাররা মাঠে ফিরেছেন। কিন্তু দেশের নারী ক্রিকেটারদের মাঠে ফেরার অপেক্ষা ক্রমেই দীর্ঘায়িত হয়েছে। অবশেষে সচল হচ্ছে নারী ক্রিকেট।
আগামীকাল থেকে সিলেটে শুরু হবে নারী দলের ক্যাম্প। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাসব্যাপী ক্যাম্পে ডাক পেয়েছেন ২৯ ক্রিকেটার। সহকারী কোচের দায়িত্ব পাওয়া ফয়সাল হোসেন ডিসেকন্সই ক্যাম্পের তত্ত্বাবধান করবেন। আগামীকাল শুরু হয়ে ক্যাম্প চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
ক্যাম্প উপলক্ষ্যে গত কয়েক দিন মিরপুর স্টেডিয়ামে ফিটনেসের কাজ করেছেন রুমানা আহমেদ, শারমিন আক্তার সুপ্তারা। বিসিবির দেওয়া সূচি অনুযায়ী আজ করোনা পরীক্ষা করা হবে ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের। সিলেটে যেসব ক্রিকেটারের বাড়ি তারা সেখানেই থাকছেন। মিরপুর ও সিলেট দুই ভেন্যুতেই করোনার পরীক্ষার জন্য নমুনা দেবেন সালমা-জাহানারা আলমরা। নেগেটিভ রিপোর্ট পাওয়া ক্রিকেটাররা সিলেটের উদ্দেশে কাল সকালে বাস ধরবেন। ৪ জানুয়ারি ফিটনেসের কাজ দিয়ে শুরু হবে ক্যাম্পের মূল কার্যক্রম। এই ক্যাম্পে দুটি দলে ভাগ হয়ে পাঁচটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন নারী ক্রিকেটাররা।
এদিকে সালমা-রুমানাদের নতুন হেড কোচ নিয়োগের পথে অনেকটাই এগিয়ে গেছে বিসিবি। বিশ্বকাপ জয়ী কোচ পাচ্ছে বাংলাদেশ নারী দল। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই দলের সঙ্গে যোগ দিবেন ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ মার্ক রবিনসন। তার সঙ্গে দুই বছরের চুক্তি করতে পারে বিসিবি।
ক্যাম্পের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ নারী দলের। বিসিবির উইমেন্স উইং থেকে জানা গেছে, ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সফরে আসতে পারে দক্ষিণ আফ্রিকার নারী দল। এর আগে অবশ্য জাতীয় লিগ আয়োজনের চিন্তাও রয়েছে বিসিবির।
