ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ১০ জানুয়ারি। তার আগে বিদেশি কোচরা ঢাকায় চলে আসবেন। আজই ঢাকায় পৌঁছে যাচ্ছেন জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো, ট্রেনার নিকোলাস ট্রেভর লি। গতকাল বিসিবির লজিস্টিকস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকায় এসেই কোয়ারেন্টাইনে থাকবেন তারা। করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়ার পরই জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করবেন ক্যালেফাতো ও ট্রেভর লি। ইতিমধ্যে ছুটি কাটিয়ে মাঠে ফিরতে শুরু করেছেন মুশফিক-সৌম্যরা।
এছাড়া হেড কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক ঢাকায় আসবেন আগামী ৮ জানুয়ারি। একই দিনে আসছেন টাইগারদের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিভাস চন্দ্রশেখরন। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন এ ভারতীয় অ্যানালিস্ট।
গত মার্চে দেশে ফেরার পর আর বাংলাদেশে আসেননি শ্রী। সেপ্টেম্বর-নভেম্বরে দুবাইয়ে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে কাজ করেছেন তিনি। বিসিবি প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি-২০ কাপেও ছিলেন না শ্রী। গিবসন-কুকরা বিসিবি প্রেসিডেন্টস কাপে থাকলেও বঙ্গবন্ধু টি-২০ কাপে ছিলেন শুধু রাসেল ডমিঙ্গো। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই বড়দিনের ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন এই প্রোটিয়া কোচ।
