স্কুলে স্কুলে নতুন বই পেল শিক্ষার্থীরা

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২১:৫৭

করোনা পরিস্থিতির মধ্যে বছরের প্রথম দিনেই গতকাল শুক্রবার সকালে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মধ্যে অনাড়ম্বরভাবে বই বিতরণ করা হয়েছে। বিনা মূল্যে নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

ঝিনাইদহ :শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে বই উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এছাড়াও শহরের বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে।

নেত্রকোনা :সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় এবং জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান নেত্রকোনা মডেল সরকারি প্রাথমিক এবং আদর্শ শিশু বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

নওগাঁ : সকাল ১০টায় শহরের হাট-নওগাঁ উচ্চ বিদ্যালয়ে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।

চাঁদপুর :জেলার আটটি উপজেলা ও সাতটি পৌরসভায় প্রায় ৪৫ লাখ নতুন বই বিতরণ করা হয়েছে। আগত শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে হাসান আলী সরকারি উচ্চ বদ্যািলয়, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়, হাসান আলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণকে এসব বই তুলে দিতে দেখা যায়।

জয়পুরহাট :জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার পাঁচ উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১ লাখ ৩৬৬ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় ৪ লাখ ১ হাজার ৫৯৪টি নতুন বই।

ব্রাহ্মণবাড়িয়া :অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। জেলায় প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ২৪ লাখ ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে ৪২ লাখ ৬০ হাজার ৮০০ বই দেওয়া হবে।

সিলেট :সকালে নগরীর সরকারি কিন্ডারগার্টেন স্কুল ও সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এদিকে শুক্রবার সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বই উত্সব অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় : জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন সকাল ১০টায় ভিডিও কফারেন্সিংয়ের মাধ্যমে কয়েকটি বিদ্যালয়ে বই উত্সবের উদ্বোধন করেন। বিদ্যালয়ে এসে শিক্ষার্থী ও অভিভাবকেরা নতুন বই গ্রহণ করেন।

নাটোর :বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। এছাড়াও পিরোজপুরের কাউখালী, চট্টগ্রামের চন্দনাইশ, টাঙ্গাইলের মির্জাপুর, ভোলার মনপুরা, পাবনার চাটমোহর, সিরাজগঞ্জের কামারখন্দ, রংপুরের গঙ্গাচড়া, বরিশালের আগৈলঝাড়া ও বানারীপাড়া, কুড়িগ্রামের রাজিবপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ, নীলফামারীর জলঢাকা, নওগাঁর রাণীনগরে বই উত্সব অনুষ্ঠিত হয়েছে।