জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগের নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি। গতকাল শুক্রবার সকালে উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. হোসেন মনসুর, সদস্যসচিব এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের নেতৃত্বে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে হোসেন মনসুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আইটি সেক্টরেও ব্যাপক উন্নতি হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকিমিটির সদস্যরা দেশের বিজ্ঞান ও প্রযুক্তিকে আরো এগিয়ে নিতে কাজ করবে। আবদুস সবুর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, গুজব প্রতিরোধে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি ২৪ ঘণ্টা কাজ করছে।
বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির তৈরি ‘জয় বাংলা’ অ্যাপসের মাধ্যমে গুজব প্রতিরোধ এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আগামীতে ১৬ কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। তিনি বলেন, আগামীর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির বিশেষজ্ঞ দলের মতামত সরকারের কাছে তুলে ধরা হবে। এছাড়া বিদ্যুত্, জ্বালানি, আইসিটি, রেল, যোগাযোগ সেক্টরসহ বড় বড় অবকাঠামো, আমার গ্রাম-আমার শহর’ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির বিশেষজ্ঞ দল কাজ করবে। প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭২ সদস্যবিশিষ্ট দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি অনুমোদন দেন।
