বাস-প্রাইভেট কার সংঘর্ষে নরসিংদীতে নিহত ৪

আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ২২:৪১

নরসিংদীর বেলাব উপজেলায় বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চার জন নিহত এবং এক জন আহত হয়েছেন। অন্যান্য স্থানে সড়ক দুর্ঘটনায় আরো পাঁচ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। খবর আমাদের অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের।

নরসিংদী: গতকাল শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার বেলাব উপজেলার জংগুয়ায় বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চার জন নিহত এবং এক জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস বেলাব উপজেলার জংগুয়ায় পৌঁছালে ভৈরব থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাইভেট কারের ড্রাইভার ও একই পরিবারের তিন বোন ঘটনাস্থলেই নিহত হন। আহত অপর এক নারীকে মুমূর্ষু অবস্থায় ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের বাড়ি গাজীপুর জেলায় বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলাব থানার এসআই সাইফুল ইসলাম জানান, নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে তারা পারিবারিক কাজে গাজীপুর যাচ্ছিলেন বলে জানা গেছে।

চকরিয়া (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী সৌদিয়া চেয়ারকোচ ও মাটি ভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপ চালক ও হাসপাতালে নেওয়ার পর একই গাড়ির হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আট যাত্রী। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিত্সা দেওয়া হচ্ছে। শুক্রবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী মাদ্রাসা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়ার মোহাম্মদ মানিক (২৬) ও একই উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মুরারপাড়ার তারেকুল ইসলাম (২২)।   মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়ক থেকে খাদে পড়ে যায়।

কাহালু (বগুড়া): বগুড়ার কাহালুতে শুক্রবার সকালে যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে গেলে ফাহিমা (৪০) নামে এক নারী মারা গেছেন। নিহত ফাহিমা জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বানিয়া চাপড় গ্রামের আফজাল হোসেনের স্ত্রী। এ ঘটনায় বাসের আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন। কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিলেট ও দক্ষিণ সুরমা : শুক্রবার সকালে সিলেটের দরবস্ত বাজারে সিলেটগামী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে আগত পর্যটকদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গোলাম মোস্তফা (৩৮) নামের এক যুবক নিহত হন। তিনি ঢাকার মৃত আজিজ বেপারীর ছেলে। এ সময় মাইক্রোবাসের চালকসহ আরো ছয় জন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

মনপুরা (ভোলা) : ভোলার মনপুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. রিয়াজ (১৮) নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ঢালী মার্কেট সংলগ্ন সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে।